আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ ‘হরমুজ প্রণালি’ নিয়ে ইরান ও ওমানের মধ্যকার দ্বিপাক্ষিক আলোচনায় অগ্রগতির খবরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা নিম্নমুখী হয়েছে।
বিশ্ববাজারের বিনিয়োগকারীদের ধারণা, এই আলোচনা সফল হলে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান দীর্ঘদিনের সামরিক উত্তেজনা কমে একটি সুনির্দিষ্ট শান্তিচুক্তির পথ তৈরি হতে পারে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) আন্তর্জাতিক জ্বালানি বাজারের লেনদেনে ব্রিটিশ বেঞ্চমার্ক ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৩৭ সেন্ট বা ০.৫ শতাংশ কমে ৭৯.০৮ ডলারে নেমে আসে। একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দামও ব্যারেলপ্রতি ৫৩ সেন্ট বা ০.৭ শতাংশ হ্রাস পেয়ে ৭৪.৬৯ ডলারে বেচাকেনা হতে দেখা গেছে।
বাজার বিশ্লেষকদের মতে, আমেরিকা ও ইরানের মধ্যে প্রস্তাবিত সমঝোতা বা চুক্তি বাস্তবায়িত হলে গত পাঁচ মাস ধরে চলা ওই অঞ্চলের ভূ-রাজনৈতিক অস্থিরতা প্রশমিত হবে। এর ফলে মধ্যপ্রাচ্যের জ্বালানি পরিবহনের মূল রুট হরমুজ প্রণালি পুনরায় বাণিজ্যিকভাবে নিরবচ্ছিন্ন ও নিরাপদ চলাচলের জন্য স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ম্যাংগোটিভি /আরএইচ
