সাফল্য অর্জনের জন্য শুধু পরিশ্রম নয়, প্রয়োজন সঠিক চিন্তাভাবনা, দূরদৃষ্টি ও দৃঢ় মানসিকতা। জীবনের প্রতিকূল পরিস্থিতিকে সুযোগে পরিণত করা এবং লক্ষ্য ধরে এগিয়ে যাওয়ার এই মানসিকতাকেই বলা হয় ‘ঈগল মেন্টালিটি’।
ব্যবসা উন্নয়ন, বিক্রয় কৌশল ও ব্র্যান্ডিং বিশ্লেষক এম. তৌফিক মনে করেন, ঈগলের মতো চিন্তাভাবনা একজন মানুষকে ব্যক্তিগত জীবন, ক্যারিয়ার ও ব্যবসায়িক ক্ষেত্রে এগিয়ে নিতে পারে।
১. বড় লক্ষ্য নির্ধারণ করুন
ঈগল অনেক দূরের লক্ষ্য দেখতে পারে। একইভাবে জীবনে সফল হতে হলে ছোটখাটো সমস্যায় আটকে না থেকে বড় লক্ষ্য সামনে রেখে এগিয়ে যেতে হবে। যার লক্ষ্য বড়, তার চিন্তাও বড় হয়।
২. অন্যকে অনুসরণ নয়, নিজের পথ তৈরি করুন
সবাই যে পথে যাচ্ছে, সেই পথেই যেতে হবে—এমন কোনো নিয়ম নেই। নতুন চিন্তা, সৃজনশীলতা ও নিজের সিদ্ধান্ত নেওয়ার সাহসই সফল মানুষের অন্যতম বৈশিষ্ট্য।
৩. সমস্যাকে সুযোগে পরিণত করুন
জীবনের ব্যর্থতা, সমালোচনা ও কঠিন সময়কে ভয় না পেয়ে শিক্ষা হিসেবে নিতে হবে। প্রতিকূল পরিস্থিতিই অনেক সময় মানুষের শক্তি ও সক্ষমতা বাড়িয়ে দেয়।
৪. পরিবর্তনকে গ্রহণ করুন
উন্নতির জন্য প্রয়োজন সময়ের সঙ্গে নিজেকে পরিবর্তন করা। পুরোনো অভ্যাস, নেতিবাচক চিন্তা ও অপ্রয়োজনীয় বিষয়গুলো বাদ দিয়ে নতুন সম্ভাবনার দিকে এগিয়ে যেতে হবে।
৫. লক্ষ্য থেকে মনোযোগ সরাবেন না
মোবাইল, সামাজিক যোগাযোগমাধ্যম ও অপ্রয়োজনীয় আলোচনায় সময় নষ্ট না করে নিজের লক্ষ্যে মনোযোগী হতে হবে। সফল মানুষরা শুধু ব্যস্ত নন, তারা লক্ষ্যভেদী।
৬. নিজের মান ও মূল্যবোধ ধরে রাখুন
সাফল্যের পথে সততা, নৈতিকতা ও আত্মসম্মান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাময়িক লাভের জন্য নিজের মূল্যবোধের সঙ্গে আপস করা উচিত নয়।
৭. ধৈর্য ধরুন, সঠিক সময়ের অপেক্ষা করুন
ঈগল যেমন সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করে, তেমনি জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তেও ধৈর্য প্রয়োজন। দ্রুত সাফল্যের চেয়ে পরিকল্পিত ও দীর্ঘমেয়াদি অগ্রগতি বেশি গুরুত্বপূর্ণ। একজন সফল উদ্যোক্তা বা নেতা শুধু বর্তমানের কথা ভাবেন না; তিনি ভবিষ্যৎ দেখেন, সমস্যা সমাধানের পথ খুঁজে বের করেন এবং সংকটের সময় স্থির থেকে সিদ্ধান্ত নেন।যখন অন্যরা অভিযোগ করে, তখন একজন প্রকৃত নেতা সমাধান খোঁজেন। যখন অন্যরা হাল ছেড়ে দেয়, তখন তিনি নতুন পথ তৈরি করেন-‘এটাই ঈগল মেন্টালিটি।
মনে রাখুন-‘ঈগল আকাশের রাজা হয় তার ডানার জন্য নয়, তার মানসিকতার জন্য।’
লেখক:
এম. তৌফিক
ব্যবসা উন্নয়ন, বিক্রয় কৌশল ও ব্র্যান্ডিং বিশ্লেষক
ম্যাংগোটিভি /আরএইচ
