বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খানের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী সম্মিলিত পরিষদ (বিসিএমআইইউএ)। সভায় স্ক্রিপ নেটিং বা ইন্ট্রাডে ট্রেডিং চালুর সিদ্ধান্ত বাতিলসহ পুঁজিবাজার-সংশ্লিষ্ট ছয় দফা দাবি তুলে ধরা হয়।
রোববার (১৯ জুলাই) বিকেল ৪টায় বিএসইসির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মাসুদ খানকে ফুলেল শুভেচ্ছা জানান সংগঠনটির নেতারা। পরে পুঁজিবাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা শেষে ছয় দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি তার হাতে তুলে দেন তারা।
বিনিয়োগকারী নেতাদের দাবি, পুঁজিবাজারের বর্তমান বাস্তবতা এবং সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ বিবেচনায় স্ক্রিপ নেটিং বা ইন্ট্রাডে ট্রেডিং চালুর সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করে বিদ্যমান লেনদেন ব্যবস্থা বহাল রাখতে হবে।
এ ছাড়া একীভূত হওয়া পাঁচ ব্যাংকের শেয়ারধারীদের ক্ষতি পুষিয়ে দিতে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সমন্বয় করে কার্যকর ব্যবস্থা নেওয়া, মিউচ্যুয়াল ফান্ডের অর্থ নিয়ম অনুযায়ী এফডিআরে সংরক্ষণ নিশ্চিত করা এবং অনিয়ম রোধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
সংগঠনটি আরও দাবি করেছে, তালিকাভুক্ত ব্যাংকগুলোর প্রকৃত আর্থিক অবস্থা, প্রভিশন, ডেফারেল, নগদ প্রবাহ ও প্রকৃত মুনাফার তথ্য বার্ষিক প্রতিবেদনে বাধ্যতামূলকভাবে প্রকাশ করতে হবে, যাতে বিনিয়োগকারীরা সঠিক তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারেন।
এছাড়া বিএসইসির কনসেন্ট পেপারের মাধ্যমে প্লেসমেন্ট শেয়ার বিক্রির পরও যেসব কোম্পানি শেয়ার বরাদ্দ দেয়নি বা বিনিয়োগকারীদের অর্থ আটকে রেখেছে, তাদের বিরুদ্ধে তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্তদের অর্থ ফেরতের উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়।
টেক্সটাইল খাতের তালিকাভুক্ত কোম্পানিগুলোর ক্ষেত্রে প্রতি প্রান্তিকে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশের পরিবর্তে প্রতি ছয় মাস অন্তর নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশেরও প্রস্তাব দেয় সংগঠনটি।
সভায় বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী সম্মিলিত পরিষদের সভাপতি আ ন ম আতাউল্লাহ নাঈম, সাধারণ সম্পাদক শেখ আতিক ইখতিয়ার, সিনিয়র সহ-সভাপতি একিউএম সিদ্দিক উল্লাহ, সহ-সভাপতি জহিরুল আলম জামাল, সিনিয়র সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন, যুগ্ম সম্পাদক মো. মহিউদ্দিনসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
সভা শেষে বিএসইসি চেয়ারম্যান বিনিয়োগকারীদের দাবিগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
ম্যাংগোটিভি / আরএইচ
