যুক্তরাষ্ট্র ১৮ জুন স্বাক্ষরিত সমঝোতা স্মারকের শর্ত মেনে চললে ইরানও তার সব প্রতিশ্রুতি রক্ষা করবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, এই সমঝোতা পারস্পরিক অঙ্গীকারের ভিত্তিতে হয়েছে এবং এক পক্ষের অবস্থানের ওপরই অন্য পক্ষের প্রতিশ্রুতি নির্ভর করবে।
সোমবার (২৯ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন ইরানের প্রেসিডেন্ট। বিষয়টি জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
পেজেশকিয়ান বলেন, ‘এই সমঝোতা পারস্পরিক। যুক্তরাষ্ট্র যদি সমঝোতা স্মারকের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকে, তাহলে আমরাও আমাদের প্রতিশ্রুতি পূরণ করব।’ তিনি আরও বলেন, অযৌক্তিক বক্তব্য ও হুমকির বিষয়ে ইরানের অবস্থান যুক্তিবোধ, মানবিক মর্যাদা এবং প্রয়োজন হলে দৃঢ় ও নির্ভীক পদক্ষেপ নেওয়ার নীতির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।
প্রেসিডেন্টের এ মন্তব্য এমন এক সময়ে এলো, যখন ১৮ জুন ইসলামাবাদে স্বাক্ষরিত সমঝোতা স্মারক বাস্তবায়ন নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। ওই সমঝোতার মাধ্যমে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কয়েক সপ্তাহ ধরে চলা সামরিক সংঘাতের অবসান ঘটে এবং আঞ্চলিক উত্তেজনা কমানোর একটি কাঠামো নির্ধারণ করা হয়।
সমঝোতা স্মারকে হরমুজ প্রণালির সামুদ্রিক নিরাপত্তা, তেল রপ্তানি এবং ইরানের জব্দ করা সম্পদ ছাড়ের মতো গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। তবে আরও বিস্তৃত ইস্যুতে ভবিষ্যৎ আলোচনা প্রাথমিক ধারাগুলোর সফল বাস্তবায়নের ওপর নির্ভর করবে।
ইরানের কর্মকর্তারা বরাবরই বলে আসছেন, এই সমঝোতা সম্পূর্ণভাবে পারস্পরিক অঙ্গীকারের ভিত্তিতে হয়েছে। তাদের মতে, যুক্তরাষ্ট্র যদি নিজেদের প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হয়, তাহলে পুরো প্রক্রিয়ার ধারাবাহিকতা ব্যাহত হতে পারে।
ম্যাংগোটিভি / আরএইচ
