পুঁজিবাজার সম্পর্কে সম্যক ধারণা এবং এর প্রায়োগিক পরিচালনা বিষয়ে শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই)-এর কর্পোরেট কার্যালয় পরিদর্শন করেছে।
বৃহস্পতিবার (২৫ জুন) চট্টগ্রামের আগ্রাবাদে অবস্থিত সিএসই কার্যালয়ে এ কর্পোরেট ভিজিট অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী বিনিয়োগ শিক্ষার অংশ হিসেবে সিএসই এ ধরনের আয়োজন নিয়মিত করে আসছে।
অনুষ্ঠানে সিএসইর পক্ষ থেকে উপস্থিত ছিলেন চিফ রেগুলেটরি অফিসার মোহাম্মদ মাহাদি হাসান, ডিজিএম ও হেড অব লিস্টিং অ্যাফেয়ার্স একেএম শাহরোজ আলম এবং হেড অব ইন্টারনাল অডিট মোহাম্মদ বারাকাত শফি। অধিবেশন পরিচালনা করেন হেড অব ট্রেনিং অ্যান্ড অ্যাওয়ারনেস এম সাদেক আহমেদ।
আইআইইউসির পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডিপার্টমেন্ট অব ফিন্যান্সের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ নাজিম উদ্দিন, অধ্যাপক ড. নাজনিন জাহান চৌধুরী, অ্যাসোসিয়েট প্রফেসর মো. আরিফুল হক এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ড. নাজিম উল্লাহ।
অনুষ্ঠানে মোহাম্মদ মাহাদি হাসান বলেন, পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগকারীদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন। শুধু সিকিউরিটিজে নয়, বরং মিউচুয়াল ফান্ড, ইটিএফ ও বন্ডের মতো অন্যান্য পণ্যে বিনিয়োগের দিকেও গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, পুঁজিবাজারের প্রধান নিয়ামক বিনিয়োগকারী এবং তাদের শিক্ষিত করে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বিনিয়োগকারী—তাই এখন থেকেই তাদের ব্যবহারিক জ্ঞান অর্জনে মনোযোগী হতে হবে।
অধ্যাপক ড. মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, উন্নত অর্থনীতিতে ব্যাংক স্বল্পমেয়াদি বিনিয়োগের মাধ্যম হলেও দীর্ঘমেয়াদি বিনিয়োগের প্রধান ক্ষেত্র হচ্ছে পুঁজিবাজার। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে চিত্রটি ভিন্ন। তিনি শিক্ষার্থীদের পর্যবেক্ষণ, বিশ্লেষণ ও ব্যবহারিক জ্ঞানের ভিত্তিতে নিজেকে ভবিষ্যৎ বিনিয়োগকারী হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
অধ্যাপক ড. নাজনিন জাহান চৌধুরী বলেন, শিক্ষা জীবনে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক জ্ঞানের সঙ্গেও শিক্ষার্থীদের যুক্ত হতে হবে। পুঁজিবাজার কীভাবে কাজ করে এবং এর বিভিন্ন দিক সম্পর্কে গভীরভাবে জানার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের বাংলাদেশের পুঁজিবাজারে বর্তমানে চালু থাকা বিভিন্ন প্রোডাক্ট, বিনিয়োগ ঝুঁকি, রিটার্ন, আর্থিক ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে ধারণা দেন। একই সঙ্গে শিক্ষাজীবন থেকেই নিজেদেরকে একজন দক্ষ ও সচেতন বিনিয়োগকারী হিসেবে গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরেন তারা।
এ ছাড়া সিএসইতে কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠার উদ্যোগ ও চলমান অগ্রগতি সম্পর্কেও শিক্ষার্থীদের সংক্ষিপ্ত ধারণা দেওয়া হয়। অনুষ্ঠানে পুঁজিবাজারের সামগ্রিক কাঠামো ও প্রয়োগিক দিক নিয়ে উপস্থাপনা দেন এম সাদেক আহমেদ।
