কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৭ম বার্ষিক সাধারণ সভা (এজিএম) রবিবার পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ও ব্যাংকটির চেয়ারম্যান মোঃ আলী হোসেন ফকির। সভায় ব্যাংকের ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয় এবং শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।
চেয়ারম্যান মোঃ আলী হোসেন ফকির বলেন, কমিউনিটি ব্যাংক শুধু পুলিশের ব্যাংক নয়, এটি সাধারণ জনগণেরও ব্যাংক। তিনি বলেন, কমিউনিটিভিত্তিক সব শ্রেণি-পেশার মানুষের জন্য আধুনিক ও উদ্ভাবনী স্মার্ট ব্যাংকিং সেবা চালুর মাধ্যমে ব্যাংকের অগ্রযাত্রা অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, প্রান্তিক গ্রাহকদের জন্য প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সম্প্রসারণ, শাখা-উপশাখায় সেবার মানোন্নয়ন এবং মানবসম্পদ উন্নয়নে ব্যাংক আরও গুরুত্ব দেবে।
সভায় আরও উপস্থিত ছিলেন- অ্যাডিশনাল আইজিগণসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা, স্বতন্ত্র পরিচালকবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) সামসুল হক সুফিয়ানী এবং কোম্পানি সচিব সাইফুল আলম এফসিএস।
সভায় ব্যাংকের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা, সেবার সম্প্রসারণ এবং প্রযুক্তিনির্ভর ব্যাংকিং ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করা হয়।
