দীর্ঘদিনের যানজট ও নগর পরিকল্পনার চ্যালেঞ্জ মোকাবিলায় বগুড়া শহরের বিদ্যমান রেললাইন ও রেলস্টেশন স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।
নির্মাণাধীন বগুড়া-সিরাজগঞ্জ রেলপথের গুরুত্বপূর্ণ কেন্দ্র রাণীরহাট জংশনকে নতুন ‘বগুড়া স্টেশন’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বর্তমানে বগুড়া শহরের মাঝ দিয়ে চলে যাওয়া রেললাইন এবং একাধিক লেভেল ক্রসিংয়ের কারণে প্রায়ই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিশেষ করে
সাতমাথা, বনানী, স্টেশন রোডসহ আশপাশের এলাকায় ট্রেন চলাচলের সময় যানবাহন আটকে থাকায় ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নগরবাসীকে এ ভোগান্তি থেকে মুক্তি দিতে এবং আধুনিক নগর ব্যবস্থাপনা নিশ্চিত করতে শহরের বাইরে নতুন রেলকেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে বগুড়া-সিরাজগঞ্জ নতুন রেলপথের রাণীরহাট এলাকায় একটি আধুনিক জংশন স্টেশন নির্মাণ করা হবে।
রেলওয়ের পরিকল্পনা অনুযায়ী, নতুন এই জংশনের মাধ্যমে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার সঙ্গে রাজধানীসহ দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগ আরও সহজ ও দ্রুত হবে। একই সঙ্গে যাত্রী পরিবহন, মালামাল পরিবহন এবং ভবিষ্যৎ রেল নেটওয়ার্ক সম্প্রসারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই স্টেশন।
সংশ্লিষ্টরা বলছেন, নতুন স্টেশন চালু হলে শহরের ভেতরে রেললাইনজনিত যানজট অনেকাংশে কমে আসবে। পাশাপাশি স্টেশনকেন্দ্রিক নতুন বাণিজ্যিক ও আবাসিক এলাকা গড়ে ওঠার সম্ভাবনা তৈরি হবে। এতে রাণীরহাট অঞ্চল অর্থনৈতিকভাবে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
তবে স্টেশন স্থানান্তরের বিষয়ে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একাংশ শহরের যানজট নিরসনের বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন। অন্যদিকে অনেকেই শহরকেন্দ্রিক যাত্রীসেবার সুবিধা কমে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন।
রেলওয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্প বাস্তবায়ন শেষে রাণীরহাট জংশনকে উত্তরাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ রেল যোগাযোগ কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এতে বগুড়ার যোগাযোগ ব্যবস্থায় নতুন মাত্রা যোগ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ম্যাংগোটিভি /আরএইচ
