ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ৯টি জোন ও ৪টি কর্পোরেট শাখার ত্রৈমাসিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ এপ্রিল ২০২৬) ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এ সম্মেলনে চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করা হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খাঁন। অনুষ্ঠানে অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলতাফ হুসাইন, মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও ড. এম কামাল উদ্দীন জসীমসহ ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টরবৃন্দ, প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী, বিভিন্ন জোনের প্রধান এবং কর্পোরেট শাখার দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে মোঃ ওমর ফারুক খাঁন বলেন, প্রতিষ্ঠাকাল থেকে ইসলামী শরী’আহভিত্তিক ও কল্যাণমুখী ব্যাংকিং ধারার যে আদর্শ নিয়ে ব্যাংকের যাত্রা শুরু হয়েছিল, সেটিই এখনো তাদের কার্যক্রমের মূল দিকনির্দেশনা হিসেবে কাজ করছে।
তিনি আমদানি-রপ্তানি কার্যক্রম সম্প্রসারণ, প্রযুক্তিনির্ভর রেমিট্যান্স সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে আরও সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।
ম্যাংগোটিভি /আরএইচ
