পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি আমরা নেটওয়ার্ক লিমিটেডের বিনিয়োগকারীরা টানা তিন অর্থবছর ধরে ডিভিডেন্ড না পাওয়ায় গভীর হতাশায় ভুগছেন।
শেয়ারপ্রতি ৬৯ টাকা বিনিয়োগ করেও প্রত্যাশিত রিটার্ন না পাওয়ায় কোম্পানিটির আর্থিক স্বচ্ছতা ও প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে প্রশ্ন উঠেছে।
সূত্র অনুযায়ী, ২০১৭ সালে বুক বিল্ডিং পদ্ধতিতে প্রিমিয়ামসহ শেয়ারপ্রতি ৩৯ টাকা কাট-অফ মূল্যে অর্থ সংগ্রহ করে কোম্পানিটি বাজারে তালিকাভুক্ত হয়। পরে ২০২৪ সালে ব্যবসা সম্প্রসারণের কথা বলে শেয়ারপ্রতি ৩০ টাকা দরে রাইট শেয়ার ইস্যু করা হয়। তবে বিনিয়োগকারীদের অভিযোগ, এই অর্থ সংগ্রহের পরও কাঙ্ক্ষিত ডিভিডেন্ড ও নিয়মিত আর্থিক প্রতিবেদন পাওয়া যায়নি।
এদিকে ২০২৪ সালের জন্য ঘোষিত শেয়ারপ্রতি ১ টাকা ডিভিডেন্ড এখনো সম্পূর্ণভাবে বিতরণ হয়নি। সময়মতো ডিভিডেন্ড প্রদান না করায় কোম্পানিটি ‘জেড’ ক্যাটাগরিতে নেমে গেছে, যা বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে।
চট্টগ্রামে কোম্পানির প্রায় ২২ কোটি টাকার সম্পত্তি বিক্রির ঘোষণা থাকলেও সেই অর্থের ব্যবহার ও অগ্রগতি নিয়ে স্পষ্ট তথ্য না পাওয়ায় অনিশ্চয়তা আরও বেড়েছে।
তবে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, রাইট শেয়ারের অর্থ নেটওয়ার্ক সিস্টেম উন্নয়ন ও কাভারেজ সম্প্রসারণে ব্যয় করা হয়েছে। কোম্পানি সচিব জানান, বর্তমানে ব্যবসা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে এবং প্রায় ৪০ শতাংশ বিনিয়োগকারীর অ্যাকাউন্টে ডিভিডেন্ড পাঠানো হয়েছে। বাকি অর্থ দ্রুত পরিশোধের চেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি।
অন্যদিকে, ডিভিডেন্ড না পাওয়া বিনিয়োগকারীরা ক্ষোভ প্রকাশ করে নিয়ন্ত্রক সংস্থার হস্তক্ষেপ দাবি করেছেন। তাদের মতে, এ ধরনের পরিস্থিতি অব্যাহত থাকলে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা আরও কমে যাবে।
ম্যাংগোটিভি /আরএইচ
