ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নিরঙ্কুশ ও ঐতিহাসিক বিজয়ের পর দলের চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পুঁজিবাজারের স্টক ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) ডিবিএর পক্ষ থেকে পাঠানো বার্তায় সংগঠনটির প্রেসিডেন্ট সাইফুল ইসলাম প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান। এছাড়া নবগঠিত সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রিপরিষদের সকল সদস্যকেও শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
ডিবিএ প্রেসিডেন্ট বলেন, দেশের জনগণ তাদের প্রত্যাশা পূরণে তারেক রহমান ও বিএনপির প্রতি আস্থা ও বিশ্বাস রেখেছে। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে দলের ঐতিহাসিক বিজয় সেই আস্থা ও প্রত্যাশার সুস্পষ্ট প্রতিফলন।
ডিবিএ আশা প্রকাশ করেছেন, তারেক রহমানের নেতৃত্বে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানের বাস্তবায়নের মাধ্যমে দেশের সব স্তরে প্রয়োজনীয় সংস্কার সাধন হবে এবং দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা গতিশীল হবে।
সংগঠনটি মনে করিয়ে দিয়েছে, দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে শক্তিশালী, স্বচ্ছ ও জবাবদিহিমূলক আর্থিক খাত এবং আস্থাভিত্তিক পুঁজিবাজার গড়ে তোলা জরুরি। ডিবিএ আরও গুরুত্বারোপ করেছে সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, দীর্ঘমেয়াদি অর্থায়নের উৎস হিসেবে পুঁজিবাজারকে শক্তিশালী করা, বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার, প্রযুক্তিনির্ভর আধুনিক বাজার কাঠামো গড়ে তোলা এবং নীতি-সহায়ক নিয়ন্ত্রক পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে দ্রুত উদ্যোগ গ্রহণের ওপর।
ডিবিএ আশা প্রকাশ করেছে যে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পুঁজিবাজারের সংস্কার ও উন্নয়নের পরিকল্পনা কার্যকরভাবে বাস্তবায়িত হবে। সংগঠনটি সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে এবং সর্বাত্মক সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি জানিয়েছে।
বার্তার শেষে ডিবিএ তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করেছে।
ম্যাংগোটিভি /আরএইচ
