অফিস-আদালত, হাসপাতাল, ক্লিনিক ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ এ ধরনের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের চারপাশের ১০০ মিটার এলাকাকে ‘নীরব এলাকা’ ঘোষণা করেছে সরকার। এসব এলাকায় হর্ন বাজানো শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। এ অপরাধে সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা অথবা তিন মাসের কারাদণ্ড বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ সচিবালয় এলাকায়—সচিবালয়ের অভ্যন্তরীণ ও চারপাশের সড়ক এবং পার্কিং এলাকাসহ-শব্দদূষণ আইন লঙ্ঘনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। হর্ন বাজালে ডিএমপির ট্রাফিক বিভাগ অর্থদণ্ডসহ শাস্তিমূলক ব্যবস্থা কার্যকর করবে।
এ লক্ষ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের উপস্থিতিতে বিআরটিএ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, পরিবেশ অধিদপ্তর ও ডিএমপির ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে বিশেষ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হবে।
এ কারণে সচিবালয় এলাকায় চলাচলকারী সব সরকারি ও বেসরকারি যানবাহনের চালকদের হর্ন ব্যবহার থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
