পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মঙ্গলবার (১৭ মার্চ) থেকে শুরু হচ্ছে টানা সাত দিনের সরকারি ছুটি। সোমবার (১৬ মার্চ) ছিল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শেষ কর্মদিবস। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ বা ২১ মার্চ দেশে পালিত হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর।
ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ১৮ মার্চও ছুটি ঘোষণা করেছে সরকার। ফলে এ বছর সরকারি চাকরিজীবীরা ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিনের ছুটি পাচ্ছেন।
স্বাভাবিক নিয়মে ১৭ মার্চ পবিত্র শবে কদরের সরকারি ছুটি। এছাড়া ঈদুল ফিতর উপলক্ষে ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিনের ছুটি আগে থেকেই নির্ধারিত ছিল। মাঝখানে ১৮ মার্চ অফিস খোলা থাকার কথা থাকলেও মন্ত্রিসভা বৈঠকে সেটিও ছুটি ঘোষণা করা হয়। পরে ৮ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।
সরকারি ছুটির এই ধারাবাহিকতায় আগামী ২৪ মার্চ থেকে সরকারি অফিস, আদালত, ব্যাংক, বিমাসহ সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কার্যক্রম আবার শুরু হবে।
ম্যাংগোটিভি /আরএইচ

