ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার পর মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া সম্ভাব্য বৃহত্তর যুদ্ধে জড়াবে না বলে জানিয়েছে ইউরোপের তিন দেশ—যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস। সোমবার (১৬ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, যুক্তরাজ্যের প্রধান অগ্রাধিকার হচ্ছে ওই অঞ্চলে অবস্থানরত নিজেদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। তিনি জানান, যুক্তরাজ্য কোনো বিস্তৃত যুদ্ধে জড়াতে চায় না।

স্টারমার আরও বলেন, ব্রিটেন নিজেকে কোনো বৃহত্তর সংঘাতের মধ্যে টেনে নিতে দেবে না। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে দ্রুত সমাধানের জন্য কাজ করে যাবে দেশটি।

অন্যদিকে জার্মান সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাতের সঙ্গে উত্তর আটলান্টিক সামরিক জোটের কোনো সম্পর্ক নেই। জার্মানি সামরিক উপায়ে হরমুজ প্রণালি খোলা রাখার কোনো উদ্যোগে অংশ নেবে না।

গ্রিস সরকারের মুখপাত্র পাভলোস মারিনাকিসও জানিয়েছেন, হরমুজ প্রণালিতে কোনো সামরিক তৎপরতায় জড়াবে না গ্রিস।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, যুক্তরাজ্যসহ মিত্র দেশগুলো যদি এ অঞ্চলে সামরিক সহায়তা না দেয়, তাহলে উত্তর আটলান্টিক সামরিক জোটের ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়তে পারে।

এদিকে ইরানে মার্কিন–ইসরায়েলি হামলার পর তেহরান হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের মিত্রদের জাহাজ যদি হরমুজ প্রণালি অতিক্রম করার চেষ্টা করে, তবে তার জবাব দেওয়া হবে।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version