দেশের মানুষের অধিকাংশ সুযোগ-সুবিধা রাজধানীকেন্দ্রিক হয়ে গড়ে উঠেছে বলেই সারাদেশ থেকে মানুষ ঢাকামুখী হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন- চাকরি, চিকিৎসা ও শিক্ষাসহ জীবনের প্রায় সব মৌলিক সুবিধাই দীর্ঘদিন ধরে ঢাকাকেন্দ্রিকভাবে গড়ে উঠেছে। ফলে স্বাভাবিকভাবেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ রাজধানীতে আসতে বাধ্য হচ্ছে।
বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এদিন বেলা ১১টায় সংসদের অধিবেশন শুরু হয়।
তিনি আরও বলেন, দেশের সব অঞ্চলে সমানভাবে এসব সুযোগ-সুবিধা গড়ে তোলা সম্ভব হয়নি। এ কারণে কর্মসংস্থান, সন্তানের শিক্ষা কিংবা পরিবারের চিকিৎসার প্রয়োজনেই মানুষ ঢাকামুখী হচ্ছে।
প্রধানমন্ত্রী জানান, এ পরিস্থিতি পরিবর্তনে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। এর আওতায় দেশের বিভিন্ন অঞ্চলে পর্যায়ক্রমে মৌলিক সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার বিভিন্ন শিল্প গড়ে তোলার লক্ষ্যে দেশের বিভিন্ন জায়গায় বিশেষ শিল্পায়িত অঞ্চল গড়ে তোলার চেষ্টা করছে। একই সঙ্গে আমরা চেষ্টা করছি দেশের বিভিন্ন জায়গায় চিকিৎসা সেবাও গড়ে তুলতে এবং দেশের বিভিন্ন জায়গায় আমাদের ভবিষ্যৎ প্রজন্মদের লেখাপড়ার জন্য ধীরে ধীরে ভালো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা। আমরা মনে করি এই সুবিধাগুলো যদি আমরা গড়ে তুলতে পারি তাহলে মানুষ কম উৎসাহিত হবে ঢাকা শহরে আসার জন্য এবং এর মাধ্যমেই আমরা ধীরে ধীরে ঢাকার ওপর চাপ কমাতে সক্ষম হবো বলে মনে করি।
ম্যাংগোটিভি /আরএইচ


