কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন।

নিহতরা হলেন- ভুরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের উত্তর তিলাই গ্রামের মনির হোসেনের মেয়ে সাদিয়া (৮), একই এলাকার জাহিদুল ইসলামের ছেলে নুরন্নবী (২৮) ও শিলখুড়ি ইউনিয়নের সাইফুর রহমানের ছেলে মাইক্রোবাস চালক লিমন মিয়া (২৮)।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার ব্যাপারীরহাট এলাকার বাঁশেরতলে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রংপুরের একটি বেসরকারি ক্লিনিক থেকে চিকিৎসা শেষে মাইক্রোবাসযোগে বাড়ি ফিরছিলেন ভুরুঙ্গামারীর একই এলাকার কয়েকজন বাসিন্দা। পথিমধ্যে কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী সড়কের বাঁশেরতল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান।

খবর পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে প্রথমে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে গুরুতর আহতদের কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে। হতাহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version