দি দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি এবং শান্তা হোল্ডিংস লিমিটেডের মধ্যে আজ বুধবার (৪ মার্চ) একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে প্রিমিয়ার ব্যাংকের প্রধান কার্যালয় বর্তমান ইকবাল টাওয়ার থেকে সরিয়ে রাজধানীর সর্বাধুনিক ও পরিবেশবান্ধব ৪০ তলা শান্তা পিনাকল ভবনে স্থানান্তর করা হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ডা. আরিফুর রহমান, স্বতন্ত্র পরিচালক ও প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এম নূরুল আলম, সিজিআইএ এবং ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. মনজুর মফিজ উপস্থিত ছিলেন।
শান্তা হোল্ডিংস লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা এম. হাবিবুল বাসিত, এক্সিকিউটিভ ডিরেক্টর (গ্রুপ ফাইন্যান্স) এম. আনিসুল হক এবং চিফ সেলস অফিসার মোহাম্মদ শিহাব আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে ডা. আরিফুর রহমান বলেন, রাজধানীর সর্বাধুনিক ও সর্বোচ্চ ভবনে প্রিমিয়ার ব্যাংকের এই স্থানান্তর ব্যাংকের বিবর্তনে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ, যা প্রতিষ্ঠানটির জন্য মাইলফলক হয়ে থাকবে।
নতুন প্রধান কার্যালয় শান্তা পিনাকলে উন্নত অবকাঠামো, সম্প্রসারিত কর্মপরিসর ও আধুনিক সুবিধা ব্যাংকের গ্রাহক ও অংশীজনদের জন্য আরও দ্রুত, কার্যকর ও মানসম্পন্ন সেবা নিশ্চিত করবে বলে জানানো হয়।
ম্যাংগোটিভি /আরএইচ
