আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অবরুদ্ধ ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইন বক্তব্যের পরপরই বুধবার (৫ আগস্ট) রাত ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্তমানে বাড়িটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, একদল দুর্বৃত্ত সাকিব আল হাসানের বাড়ির সামনে জড়ো হয়ে হঠাৎ হামলা চালায়। হামলাকারীরা বাড়ির প্রধান ফটকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় এবং পর পর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। একই সঙ্গে ইটের আঘাতে বাড়িটির তিনটি কাচের ব্যালকনি ও জানালা ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত ককটেল ও পেট্রোল বহনে ব্যবহৃত প্লাস্টিকের বোতল উদ্ধার করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, ‘দুর্বৃত্তরা অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জানালার কাচ ভাঙচুর করেছে। তবে হামলার সময় বাড়িতে পরিবারের কোনো সদস্য উপস্থিত ছিলেন না। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিরাপত্তার স্বার্থে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।’
ম্যাংগোটি / আরএইচ


