ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই) কর্তৃক মোনার্ক হোল্ডিংস লিমিটেডের স্টক ব্রোকার ও স্টক ডিলার নিবন্ধন সনদ নবায়নের সুপারিশ বিধিমালা পরিপন্থী হওয়ায় ডিএসইর কাছে ব্যাখ্যা তলব করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার (২৮ জুলাই) বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ১০২২তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় নিয়ন্ত্রক সংস্থাটি।
বিএসইসি জানায়, মোনার্ক হোল্ডিংস লিমিটেডের স্টক ব্রোকার ও স্টক ডিলার নিবন্ধন সনদ নবায়ন সংক্রান্ত ডিএসইর সুপারিশ পর্যালোচনা করে কমিশনের নজরে আসে, ‘সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (স্টক-ডিলার, স্টক-ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা, ২০০০’-এর বিধি ৮(৩) অনুযায়ী নির্ধারিত ফরম ‘ছ’-এ প্রয়োজনীয় তথ্য যথাযথভাবে পূরণ করা হয়নি।
এরপরও ডিএসই প্রতিষ্ঠানটির নিবন্ধন সনদ নবায়নের পক্ষে ইতিবাচক সুপারিশ করেছে, যা সংশ্লিষ্ট বিধিমালার পরিপন্থী এবং ডিএসইর নিয়ন্ত্রক দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচায়ক বলে মনে করছে বিএসইসি।
কমিশন আরও জানায়, এ বিষয়ে ডিএসইর কাছে ব্যাখ্যা চাওয়া হলে সংস্থাটি ফরম ‘ছ’ পূরণসহ প্রয়োজনীয় তথ্য জমা দিলেও মোনার্ক হোল্ডিংসের নিবন্ধন সনদ নবায়নের পক্ষে বা বিপক্ষে কোনো সুনির্দিষ্ট নিয়ন্ত্রক মূল্যায়ন বা সুপারিশ দেয়নি।
এ পরিস্থিতিতে ডিএসই কেন বিধিমালা অনুযায়ী সুনির্দিষ্ট সুপারিশ দিতে ব্যর্থ হয়েছে, সে বিষয়ে ব্যাখ্যা চেয়েছে বিএসইসি।
একই সঙ্গে, ব্যাখ্যা তলবের চিঠি পাওয়ার পাঁচ কার্যদিবসের মধ্যে বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য, বিশ্লেষণ ও নিয়ন্ত্রক মূল্যায়নসহ মোনার্ক হোল্ডিংস লিমিটেডের নিবন্ধন সনদ নবায়নের বিষয়ে সুনির্দিষ্ট সুপারিশ কমিশনে পাঠানোর নির্দেশ দিয়েছে বিএসইসি।
ম্যাংগোটিভি /আরএইচ


