ভিসা ক্রেডিট কার্ডহোল্ডারদের জন্য গুগল পে সেবা চালু করেছে ব্র্যাক ব্যাংক। এ সেবার মাধ্যমে অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করে দেশ ও বিদেশে দ্রুত, নিরাপদ ও কন্টাক্টলেস লেনদেন করা যাবে।
এখন থেকে ব্র্যাক ব্যাংকের ভিসা ক্রেডিট কার্ডধারীরা তাঁদের কার্ড গুগল ওয়ালেটে যুক্ত করে দেশ-বিদেশের লক্ষাধিক গুগল পে সাপোর্টেড মার্চেন্ট পয়েন্টে সহজেই পেমেন্ট করতে পারবেন।
এই সেবা চালুর ফলে গ্রাহকদের দৈনন্দিন লেনদেনের জন্য আর আলাদা করে ফিজিক্যাল কার্ড বহনের প্রয়োজন হবে না। স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে লেনদেনে গ্রাহকরা পাবেন আরও বেশি স্বাধীনতা ও সুবিধা।
ব্র্যাক ব্যাংক জানিয়েছে, গুগল পে অ্যাডভান্সড এনক্রিপশন প্রযুক্তি ব্যবহার করে, যার মাধ্যমে গ্রাহকের কার্ডসংক্রান্ত তথ্য কখনোই মার্চেন্টের সঙ্গে শেয়ার হয় না। ফলে প্রতিটি লেনদেন সর্বোচ্চ নিরাপত্তার আওতায় সম্পন্ন হয়।
শক্তিশালী নিরাপত্তাব্যবস্থা ও সহজ ব্যবহারযোগ্যতার কারণে গুগল পে বিশ্বজুড়ে একটি নির্ভরযোগ্য ও জনপ্রিয় ডিজিটাল পেমেন্ট সল্যুশন হিসেবে পরিচিতি পেয়েছে।
ম্যাংগোটিভি /আরএইচ
