আর্থিক খাতে বিশ্বব্যাপী সুপরিচিত ব্যক্তিত্ব তানভীর গনি প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন। কূটনীতি জোরদার, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ এবং বৈশ্বিক পুঁজিবাজারের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে তিনি বিশেষ গুরুত্ব দিচ্ছেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
তানভীর গনি পুঁজিবাজার, বিনিয়োগ ব্যবস্থাপনা এবং কৌশলগত পরামর্শ প্রদানের ক্ষেত্রে আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন। বর্তমানে তিনি হংকংভিত্তিক বিনিয়োগ ও পরামর্শদাতা প্রতিষ্ঠান ‘দ্য ওসিরিস গ্রুপ’-এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
এর আগে তিনি টাইবোর্ন ক্যাপিটাল ম্যানেজমেন্ট-এ প্রেসিডেন্ট ও প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) হিসেবে কাজ করেছেন। সেখানে এশিয়া, হংকং ও সান ফ্রান্সিসকোসহ বৈশ্বিক বাজারে প্রযুক্তি, ফিনটেক, স্বাস্থ্যসেবা ও বায়োটেক খাতে বিনিয়োগ কৌশল উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
নতুন দায়িত্বে তিনি বাংলাদেশ ও বৈশ্বিক প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মধ্যে যোগাযোগ জোরদার করতে কাজ করবেন। পাশাপাশি বেসরকারি খাতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্বচ্ছতা বৃদ্ধি, নীতিমালার ধারাবাহিকতা নিশ্চিত করা এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের আস্থা অর্জনে ভূমিকা রাখবেন।
তার কর্মপরিধির মধ্যে রয়েছে বাংলাদেশকে উচ্চমানের প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগের (এফডিআই) একটি প্রতিযোগিতামূলক গন্তব্য হিসেবে গড়ে তোলা এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-সহ অন্যান্য অর্থনৈতিক প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করা।
বাংলাদেশ যখন একটি উদীয়মান অর্থনৈতিক শক্তি হিসেবে এগিয়ে যাচ্ছে, তখন তানভীর গনি আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে অর্থনৈতিক যোগাযোগ জোরদার এবং বিনিয়োগের বহুমুখীকরণে গুরুত্ব দেবেন। তার দায়িত্বের মধ্যে রয়েছে নিয়ন্ত্রণ কাঠামোকে আন্তর্জাতিক মানে উন্নীত করা, আর্থিক পরিকল্পনার সক্ষমতা বৃদ্ধি এবং পুঁজিবাজারকে আরও গভীর করতে বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ বাড়ানো।
নিয়োগ প্রসঙ্গে তানভীর গনি বলেন, “বাংলাদেশ এখন একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে রয়েছে। বৈশ্বিক আস্থার দেশে পরিণত হতে প্রাতিষ্ঠানিক উৎকর্ষতা জরুরি।” তিনি আরও বলেন, “স্বচ্ছতা, ধারাবাহিক নীতি বাস্তবায়ন এবং বিনিয়োগকারীদের সঙ্গে শক্তিশালী যোগাযোগের মাধ্যমে দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব গড়ে তোলা সম্ভব।”
ম্যাংগোটিভি /আরএইচ
