ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন ফলাফলের অপেক্ষায় পুরো রাজ্য। দুই দফায় অনুষ্ঠিত এ নির্বাচনে ২৯৪টি আসনের মধ্যে ভোটগ্রহণ হয় ২৯৩টিতে; একটি আসনে পুনঃভোটের সিদ্ধান্ত নেওয়ায় সেটির ফল পরে ঘোষণা করা হবে।
গত ২৩ ও ২৯ এপ্রিল অনুষ্ঠিত ভোটে ছয় কোটির বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী সোমবার (৪ মে) সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হবে। প্রথমে পোস্টাল ব্যালট এবং পরে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) প্রদত্ত ভোট গণনা করা হবে।
দ্রুত গণনার কারণে দুপুরের মধ্যেই বেসরকারিভাবে ফলাফলের প্রবণতা জানা যেতে পারে।
নির্বাচন ঘিরে সবচেয়ে বড় আলোচনায় রয়েছে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। বুথফেরত জরিপে বেশিরভাগ সংস্থা হিন্দুত্ববাদী দল বিজেপিকে এগিয়ে রেখেছে এবং প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে সরকার গঠনের সম্ভাবনার কথা বলছে।
তবে এসব জরিপ প্রত্যাখ্যান করেছেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি দাবি করেছেন, অর্থের প্রভাবে এসব জরিপ তৈরি করা হয়েছে এবং বাস্তবতার সঙ্গে এর কোনো মিল নেই। তার ভাষ্য, আগের মতো এবারও তৃণমূল কংগ্রেসই সরকার গঠন করবে।
এদিকে ফালটা আসনে ভোটগ্রহণে অনিয়মের অভিযোগ ওঠায় সেখানে আগামী ২১ মে পুনঃভোট অনুষ্ঠিত হবে। ফলে ৪ মে ঘোষিত ফলাফলে ২৯৩টি আসনের ফল অন্তর্ভুক্ত থাকবে।
এ নির্বাচনের ফল পশ্চিমবঙ্গের রাজনৈতিক ভবিষ্যতের পাশাপাশি জাতীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
ম্যাংগোটিভি /আরএইচ


