পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালেন আব্দুল আউয়াল মিন্টু। নির্বাচিত সংসদ সদস্য হওয়ায় ব্যাংক পরিচালনা সংক্রান্ত বিধিনিষেধের কারণে তিনি পদত্যাগ করেন বলে জানা গেছে।

এরপর ন্যাশনাল ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক মেলিতা মেহজাবিন। ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ৫৩৯তম পর্ষদ সভায় তাকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

এর আগে স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন আব্দুল আউয়াল মিন্টু। তবে নির্বাচিত সংসদ সদস্যরা কোনো ব্যাংকের চেয়ারম্যান পদে থাকতে না পারার বিধিনিষেধ থাকায় তিনি পদত্যাগ করেন।

নতুন চেয়ারম্যান মেলিতা মেহজাবিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ২০০৯ সালে আইবিএতে প্রভাষক হিসেবে যোগ দেন এবং পরে যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং ও ফিন্যান্সে পিএইচডি সম্পন্ন করেন। পাশাপাশি ইউনিভার্সিটি অব কলম্বো থেকে ডেভেলপমেন্ট স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে তার।

শিক্ষকতা শুরুর আগে প্রায় পাঁচ বছর করপোরেট খাতে কাজ করেছেন তিনি। এ সময়ে দায়িত্ব পালন করেন বিট্রিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ এবং সিটি ব্যাংকে।

এর আগে ২০২৪ সালের আগস্টে বিভিন্ন অনিয়মের অভিযোগে বাংলাদেশ ব্যাংক ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেয় এবং নতুন পর্ষদ গঠন করে। তখন পরিচালক হিসেবে ছিলেন আব্দুল আউয়াল মিন্টুসহ তিনজন এবং চারজন স্বতন্ত্র পরিচালক।সেসময় ন্যাশনাল ব্যাংকের ঋণ সংক্রান্ত অনিয়ম ও এস আলম গ্রুপের ঋণ পুনর্গঠন নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার বিষয়টিও আলোচনায় আসে। ব্যাংকটির পরিচালনা পর্ষদ ওই নির্দেশনা অনুযায়ী পদক্ষেপ নেয়।

বর্তমানে নতুন চেয়ারম্যানের নেতৃত্বে ব্যাংকটির পরিচালনা পর্ষদ ভবিষ্যৎ কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করছে বলে জানা গেছে।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version