অভিনেতা জাহের আলভী-এর স্ত্রী আফরা ইভনাত খান ইকরার মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার আসামিরা পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। মামলায় ইকরার স্বামী আলভী ও তার মা শিউলিকে আসামি করা হয়েছে। তবে তারা এখনো গ্রেফতার হননি।

রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানা-র এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা আজিম আহমেদ।

তদন্ত কর্মকর্তা জানান, মামলাটি সদ্য গ্রহণ করা হয়েছে এবং তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। প্রাথমিকভাবে কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। মামলার পর থেকে আসামিরা থানায় হাজির হননি এবং তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশ ধারণা করছে, তারা পলাতক রয়েছেন।

এর আগে রোববার দুপুরে ইকরার বাবা কবির হায়াত খান পল্লবী থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। মামলায় পারিবারিক কলহের জেরে ইকরা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ময়নাতদন্ত শেষে মরদেহ বুঝে নিয়ে স্বজনরা ময়মনসিংহের ভালুকার রানদিয়া গ্রামে নিয়ে যান। সেখানে জানাজা শেষে ইকরার দাফন সম্পন্ন হয়।

গত শনিবার দুপুরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার সময় আলভী বাসায় ছিলেন না। তিনি ঈদুল ফিতরের একটি নাটকের শুটিংয়ে নেপালে অবস্থান করছেন বলে জানা গেছে।

ইকরার মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার কিছু ব্যক্তিগত আলাপের স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। সেখানে আলভীর বিরুদ্ধে এক সহঅভিনেত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ তোলেন ইকরা। স্বজনদের দাবি, দীর্ঘ দাম্পত্য জীবনের টানাপোড়েন ও মানসিক যন্ত্রণার কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version