প্রধানমন্ত্রী তারেক রহমান টানা তৃতীয় দিনের মতো সচিবালয়ে তার দপ্তরে অফিস করেছেন। সেখানে তিনি মন্ত্রিসভার সদস্য ও অন্যান্য কর্মকর্তাদের সময়ানুবর্তিতা সম্পর্কে খোঁজখবর নেন এবং নির্দিষ্ট সময়ে অফিসে উপস্থিত থাকার তাগিদ দেন।
রোববার (২২ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী সকাল ৯টা ৫ মিনিটে সচিবালয়ে পৌঁছান।
তিনি আরও জানান, এত সকালে প্রধানমন্ত্রীকে অফিসে দেখে অনেক কর্মকর্তা অভিভূত হন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব বলেন, সচিবালয়ে এসে প্রধানমন্ত্রী মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা কারা উপস্থিত হয়েছেন সে বিষয়ে খোঁজ নেন। পাশাপাশি মৌখিক নির্দেশনা দিয়ে তিনি বলেন, সবাই যেন নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থাকেন।
উল্লেখ্য, তারেক রহমান গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। পরদিন সচিবালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন এবং টানা দুই দিন সেখানে কাজ করেন। এর মধ্যে শনিবার সরকারি ছুটির দিন হওয়া সত্ত্বেও তিনি তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দাপ্তরিক কাজ পরিচালনা করেন।
ম্যাংগোটিভি /আরএইচ
