বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে।
আজ রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর মিরপুরের পল্লবী ২ নম্বর ওয়ার্ডে ঢাকা-১৬ আসনের নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, ‘গত ১৬ বছরে দেশে বহু মেগা প্রকল্প বাস্তবায়িত হলেও মানুষের ভাগ্য বদলায়নি। বরং এসব প্রকল্পের আড়ালে হয়েছে মেগা দুর্নীতি। জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য দুর্নীতিরMAN বিরুদ্ধে কঠোর অবস্থান জরুরি।’
তিনি আরও জানান, বিএনপি সরকার গঠন হলে নারীদের স্বাবলম্বী করতে ‘ফ্যামিলি কার্ড’, কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালু করা হবে এবং সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হবে। নির্বাচনি আসনের জন্য একটি হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতিও দেন তিনি। বিদেশে চাকরির জন্য যেসব প্রার্থী যাচ্ছেন, তাদের সহজ শর্তে ঋণ দেওয়ার ব্যবস্থাও থাকবে।
পানির সমস্যা ও জলাবদ্ধতা নিরসনে ঢাকার খাল খনন ও সারা দেশে খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অগ্রাধিকার ভিত্তিতে ঠিক করা হবে।
জনসভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ড. মাহদী আমিন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
ম্যাংগোটিভি /আরএইচ
