দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। একই কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
বুধবার (১৭ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলী। তিনি জানান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন পাওয়া গেছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গত ১৫ জুন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ দিমেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সহ-সভাপতি নিয়োগ দিয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করে।
সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপ-সচিব কাজী শরিফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের এ দায়িত্ব প্রদান করা হয়।
এদিকে নতুন নেতৃত্বে হাসপাতাল ব্যবস্থাপনায় গতি আসবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।


