আলাদা তিনটি মামলায় জামিন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় লোকসংগীতশিল্পী মমতাজ বেগম। সোমবার (১৫ জুন) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ তার জামিন মঞ্জুর করে আদেশ দেন।
মমতাজ বেগমের আইনজীবী বিষয়টি নিশ্চিত করে জানান, তিনটি পৃথক মামলায় উচ্চ আদালত থেকে জামিন পাওয়ায় আইনি প্রক্রিয়ায় আপাতত স্বস্তি পেয়েছেন সাবেক এই সংসদ সদস্য।
এর আগে ২০২৫ সালের ১২ মে রাতে রাজধানীর ধানমন্ডি এলাকার একটি বাসা থেকে মমতাজ বেগমকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুরসহ বিভিন্ন এলাকায় ছাত্র-জনতার ওপর হামলা এবং নিহতের ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলায় তাকে এজাহারভুক্ত আসামি করা হয়। গ্রেপ্তারের পর থেকে তিনি কারাগারে ছিলেন।
লোকসংগীতশিল্পী হিসেবে পরিচিত মমতাজ বেগম ২০০৯ সালে নবম জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন থেকে প্রথমবার সংসদ সদস্য হন। পরে ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হন।
তবে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেও তিনি জয়ী হতে পারেননি। ওই নির্বাচনে একই আসনে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে পরাজিত হন। নির্বাচনের পর রাজনৈতিক কর্মকাণ্ডে তুলনামূলকভাবে নিষ্ক্রিয় ছিলেন তিনি। পরবর্তীতে সরকারের পতনের পর আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়।
ম্যাংগোটিভি /আরএইচ
