রাজধানী ঢাকার চারপাশের নৌপথগুলো পুনরায় সচল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া আগ্রহী বেসরকারি কোম্পানির প্রস্তাব বিবেচনা করে নৌপথে ওয়াটার বাস পরিচালনার সুযোগ দেওয়ার বিষয়েও সিদ্ধান্ত হয়েছে।

রোববার (২ আগস্ট) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের বিশেষ সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় ঢাকার চারপাশের নদীগুলোর নৌপথ কার্যকর করার পাশাপাশি নদী দূষণ রোধ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, নাব্যতা বজায় রাখা এবং স্বাভাবিক পানিপ্রবাহ নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী নদীর চারপাশে নির্মিত ওয়াকওয়ের পাশে বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর নির্দেশ দেন। এতে পরিবেশ সুরক্ষার পাশাপাশি নদীর তীরের সৌন্দর্য বৃদ্ধি পাবে বলে তিনি উল্লেখ করেন।

সভায় সিদ্ধান্ত হয়, নৌপথে যাত্রী পরিবহন আরও কার্যকর করতে বেসরকারি খাতের আগ্রহী প্রতিষ্ঠানগুলোর প্রস্তাব যাচাই করে তাদের ওয়াটার বাস পরিচালনার সুযোগ দেওয়া হবে।

সভায় সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ম্যাংগোটিভি / আরএইচ

Share.
Exit mobile version