হলিউড সুপারস্টার টম ক্রুজের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টপ গান-এর তৃতীয় কিস্তি আসছে। ‘টপ গান: ম্যাভরিক’–এর অভাবনীয় সাফল্যের পর এবার নতুন সিনেমা নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে প্রযোজনা সংস্থা প্যারামাউন্ট । গত বৃহস্পতিবার লাস ভেগাসে এক অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়।

সিনেমাটির প্রযোজক হিসেবে থাকছেন জেরি ব্রুকহেইমার। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা গেছে, নতুন কিস্তির চিত্রনাট্য লিখবেন ইহরান ক্রুগার, এরিক ওয়ারেন সিঙ্গার এবং ক্রিস্টোফার ম্যাককোয়ারি।

১৭০ মিলিয়ন ডলার বাজেটের ‘ম্যাভরিক’ বিশ্বব্যাপী দেড় বিলিয়ন ডলারের বেশি আয় করে সিনেমা শিল্পে নতুন উদ্দীপনা তৈরি করেছিল।

নতুন কিস্তিতে আবারও ‘ম্যাভরিক’ চরিত্রে দেখা যাবে টম ক্রুজকে। পাশাপাশি মাইলস টেলার ও গ্লেন পাওয়েলের ফেরার সম্ভাবনাও রয়েছে। এবারও গল্পে ম্যাভরিককে একজন মেন্টর হিসেবে উপস্থাপন করা হতে পারে।

বিশেষ করে, আগের সিনেমাগুলোর মতোই বাস্তব উড়োজাহাজের দৃশ্য ব্যবহার করা হবে, কম্পিউটার জেনারেটেড ইফেক্টের ব্যবহার থাকবে সীমিত-যা দর্শকদের জন্য আরও বাস্তব অভিজ্ঞতা এনে দেবে।

উল্লেখ্য, ১৯৮৬ সালে মুক্তি পাওয়া ‘টপ গান’ সিনেমার মাধ্যমে ‘ম্যাভরিক’ চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে জনপ্রিয়তা পান টম ক্রুজ। ৩৬ বছর পর দ্বিতীয় কিস্তি ‘টপ গান: ম্যাভরিক’ দিয়েও নতুন প্রজন্মের দর্শকদের মন জয় করেন তিনি। তবে ‘টপ গান থ্রি’ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে আরও কয়েক বছর সময় লাগতে পারে বলে জানা গেছে।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version