জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আগামী বুধবার (৫ আগস্ট) উদ্বোধন করা হবে। সকাল ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান জাদুঘরটির উদ্বোধন করবেন।
শনিবার (১ আগস্ট) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রত্নতত্ত্ব ও জাদুঘর) দীপংকর বিশ্বাস এ তথ্য জানান।
তিনি জানান, জাদুঘর উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীর সময় চেয়ে মন্ত্রণালয় থেকে প্রস্তাব পাঠানো হয়েছিল। সম্প্রতি প্রধানমন্ত্রী ৫ আগস্ট উদ্বোধনের জন্য সময় দিয়েছেন।
উদ্বোধনের পর জাদুঘরটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়।
জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ এবং আন্দোলনের বিভিন্ন পর্যায়ের তথ্য-উপাত্ত সংরক্ষণের লক্ষ্যে গণভবনে প্রতিষ্ঠা করা হয়েছে এই স্মৃতি জাদুঘর।
জাদুঘরে জুলাই গণঅভ্যুত্থানের আলোকচিত্র, ভিডিও, দলিল-দস্তাবেজ, শহীদদের স্মৃতিচিহ্ন এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য সংরক্ষণ করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থী, গবেষক ও ইতিহাসপ্রেমীদের জন্য বিশেষ কর্মসূচি, গাইডেড ট্যুর এবং অনলাইনে টিকিট সংগ্রহের ব্যবস্থাও রাখা হচ্ছে।
তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, উদ্বোধনের তারিখ নির্ধারণ হলেও এখনো জাদুঘরের জনবল নিয়োগ সম্পন্ন হয়নি। ৯৬টি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও এখনো নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। বর্তমানে বাংলাদেশ জাতীয় জাদুঘরের ১৫ জন কর্মকর্তা-কর্মচারী অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।
ম্যাংগোটিভি / আরএইচ


