পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। আবহাওয়া প্রতিকূল হলে জামাত স্থানান্তরিত হয়ে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম জানান, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রীপরিষদের সদস্য ও প্রধান বিচারপতিসহ দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করবেন। ময়দানে প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে। ভিআইপি ব্লকে পুরুষদের জন্য ২৫০ এবং নারীদের জন্য ৮০ জনের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে।
মুসল্লিদের সুবিধার্থে অজু, শৌচ ও সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। এছাড়া সার্বক্ষণিক মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকবে। নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে আলাদা প্রবেশ ও প্রস্থান গেট রয়েছে। নারী মুসল্লিদের জন্য পৃথক ব্লক এবং আলাদা প্রবেশপথের ব্যবস্থা করা হয়েছে।
জাতীয় ঈদগাহে সার্বিক প্রস্তুতি পরিদর্শনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ম্যাংগোটিভি /আরএইচ
