বিশ্বকাপসহ ফিফার প্রধান টুর্নামেন্টে বেসরকারি বিনিয়োগ আনার বিতর্কিত পরিকল্পনা বাতিল করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ফুটবল সংস্থাগুলোর তীব্র বিরোধিতা, বিশ্বকাপ বয়কটের হুমকি এবং সাবেক ফুটবলারদের সমালোচনার মুখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফিফা সভাপতি জানিয়েছেন, প্রস্তাবটি ফুটবল অঙ্গনে বিভক্তির সৃষ্টি করেছে। তাই এটি আর সংস্থার মূল উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ফলে পরিকল্পনাটি আর এগিয়ে নেওয়া হবে না।
এর আগে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ২১১টি সদস্য দেশের প্রতিটিকে ৪ কোটি ডলার দেওয়ার প্রস্তাব দেন। বিনিময়ে পুরুষ ও নারী বিশ্বকাপসহ ফিফার বড় টুর্নামেন্টগুলোতে বেসরকারি বিনিয়োগের পরিকল্পনায় সমর্থন চাওয়া হয়েছিল।
গত বৃহস্পতিবার এ পরিকল্পনার বিরুদ্ধে একযোগে অবস্থান নেয় ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার ৫৫ সদস্য দেশ। তারা বিশ্বকাপ বয়কটেরও হুমকি দেয়। একই সঙ্গে পরিকল্পনার বিরোধিতা করে কনক্যাকাফ ও এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।
ফিফার প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) কেভিন লামুর দাবি করেন, প্রকল্পটি নিয়ে ফিফার প্রশাসনকেও ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করা হয়েছিল।
এদিকে ফিফার বৈশ্বিক কৌশল ও সুশাসনবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা কার্লোস কর্দেইরো এ ইস্যুতে পদত্যাগ করেছেন। পদত্যাগের সময় তিনি পরিকল্পনাটিকে ‘ফুটবলের জন্য একটি খারাপ চুক্তি’ উল্লেখ করে বলেন, এটি ফুটবলের ভবিষ্যৎ বন্ধক রাখার শামিল।
আগামী মার্চে ফিফা কংগ্রেসে টানা চতুর্থ মেয়াদে সভাপতি পদে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন ইনফান্তিনো। এমন সময়ে এই বিতর্ক তাকে বড় চাপের মুখে ফেলে।
পরিকল্পনা বাতিলের ঘোষণা দিয়ে ইনফান্তিনো বলেন, ফুটবলের যৌথ স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সংশ্লিষ্ট সব পক্ষকে আবারও আলোচনার টেবিলে আনতে চান তিনি।
ম্যাংগোটিভি /আরএইচ

