জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) সিনিয়র সহকারী সচিব মো. কামাল হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। চাচাকে বাবা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটার অপব্যবহার করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও বিসিএস প্রশাসন ক্যাডারে চাকরি নেওয়ার অভিযোগে তাকে ২৮ জানুয়ারি কারাগারে পাঠানো হয়েছিল।
রোববার (১ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৩৯(২) অনুযায়ী সরকারি চাকরি থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।
কামাল হোসেন চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ইউএনও হিসেবে দায়িত্বে থাকা অবস্থায় ২০২৪ সালের ২৬ ডিসেম্বর তার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে মামলা দায়ের হয়। মামলার বাদী ছিলেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা–১-এর উপসহকারী পরিচালক মো. মনজুরুল ইসলাম মিন্টু।
এজাহারে উল্লেখ করা হয়েছে, কামাল হোসেন তার প্রকৃত পিতা-মাতা মো. আবুল কাশেম ও মোছা. হাবীয়া খাতুনের পরিবর্তে চাচা বীর মুক্তিযোদ্ধা মো. আহসান হাবীব ও চাচি মোছা. সানোয়ারা খাতুনকে বাবা-মা হিসেবে দেখিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। পরে ৩৫তম বিসিএস পরীক্ষায় মুক্তিযোদ্ধা সন্তানের কোটায় প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে চাকরি গ্রহণ করেন।
২৮ জানুয়ারি ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ কোর্টে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে এবং কারাগারে পাঠান।
