বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে শিবা সানু এবং সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী নির্বাচিত হয়েছেন।
শনিবার (৩জুলাই) ভোরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) প্রাঙ্গণে নির্বাচন পরিচালনা কমিটি আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে।
ঘোষিত ফল অনুযায়ী, সভাপতি পদে শিবা সানু ২৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ফাইটার ও প্রযোজক আরমান পেয়েছেন ১৪৩ ভোট। সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী ২৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী রুমানা ইসলাম মুক্তি পেয়েছেন ১৭৯ ভোট।
নির্বাচন পরিচালনা কমিটির তথ্য অনুযায়ী, মোট ৫৭৩ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৪৮০ জন। এর মধ্যে ৪১৬টি ব্যালট বৈধ এবং ৬৪টি ব্যালট বাতিল ঘোষণা করা হয়েছে।
সহ-সভাপতির দুটি পদে নির্বাচিত হয়েছেন ডি এ তায়েব ও ইলিয়াস কোবরা। ডি এ তায়েব পেয়েছেন ২৬০ ভোট এবং ইলিয়াস কোবরা পেয়েছেন ২১৬ ভোট। তাদের প্রতিদ্বন্দ্বী অভিনেত্রী রোজিনা পেয়েছেন ১৫২ ভোট এবং নূতন পেয়েছেন ২০৪ ভোট।
সহ-সাধারণ সম্পাদক পদে ২৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সুব্রত। তাঁর প্রতিদ্বন্দ্বী রিনা খান পেয়েছেন ১৫০ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে সনি রহমান ২৬৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বী চুন্ন পেয়েছেন ১৮৩ ভোট।
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে এম এ পারভেজ চৌধুরী আবীর ২৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী পলি পেয়েছেন ১৪৪ ভোট।
দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর ২২১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বী রাসেল মিয়া পেয়েছেন ১৯৫ ভোট।
সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মারুফ আকিব ২২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী ইউসুফ খান পেয়েছেন ৭২ ভোট। কোষাধ্যক্ষ পদে কামরুজ্জামান কমল ২২১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জাদু আজাদ পেয়েছেন ১৯৭ ভোট।
কার্যকরী পরিষদের ১১টি সদস্য পদে নির্বাচিত হয়েছেন কায়েস আরজু, আলীবরাজ, নাসরিন, জেসমিন আক্তার, সুশান্ত, শিপন মিত্র, শামীম খান (চিকন আলী), রাকা, শিরিন শিলা, কাবিলা ও ফরহাদ। তাদের মধ্যে সর্বোচ্চ ৩২৪ ভোট পেয়ে প্রথম সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন কায়েস আরজু।
শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত এক ঘণ্টার বিরতি ছিল। নির্বাচন ঘিরে এক মাস ধরে এফডিসি প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ। প্রার্থীদের প্রচারণা, সমর্থকদের উপস্থিতি এবং শিল্পীদের সরব অংশগ্রহণে মুখর ছিল পুরো এলাকা।
এবারের নির্বাচনে দুটি প্যানেলের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়। একটি প্যানেলের নেতৃত্ব দেন আরমান ও রুমানা ইসলাম মুক্তি, অন্যটির নেতৃত্বে ছিলেন শিবা সানু ও জয় চৌধুরী।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রযোজক খোরশেদ আলম খসরু। নির্বাচন কমিশনের অন্য সদস্য ছিলেন কামাল মো. কিবরিয়া লিপু ও বি এইচ নিশা। নির্বাচন-পরবর্তী আপিল বোর্ডে দায়িত্ব পালন করছেন ছটকু আহমেদ, কাজী হায়াৎ ও বাদল খন্দকার।
নির্বাচনকে ঘিরে এফডিসি প্রাঙ্গণে পুলিশ, র্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের সমন্বয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল।
ম্যাংগোটিভি /আরএইচ

