ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

শনিবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় প্রাঙ্গণে আয়োজিত রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিয়ে স্পিকার প্রয়াত খামেনির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং সেখানে সংরক্ষিত শোক বইয়ে স্বাক্ষর করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে তিনি শোকসন্তপ্ত ইরানি জাতির প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ দেশটির উচ্চপদস্থ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন।

এর আগে শুক্রবার ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফের সঙ্গে বৈঠকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আয়াতুল্লাহ আলী খামেনির নিহত হওয়ার ঘটনায় বাংলাদেশের নিন্দা ও উদ্বেগের কথা তুলে ধরেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, স্পিকার হাফিজ উদ্দিন খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং এ ঘটনাকে নৃশংস হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করে এর নিন্দা জানিয়েছেন।

খামেনির রাষ্ট্রীয় শেষ বিদায়ের অনুষ্ঠান শুক্রবার আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এতে অংশ নিতে বৃহস্পতিবার তেহরানে পৌঁছান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইরানের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবাই।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, সফরকালে স্পিকার বাংলাদেশ ও ইরানের কয়েক শতাব্দীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সাংস্কৃতিক যোগাযোগ এবং দুই দেশের জনগণের পারস্পরিক বন্ধনের বিষয়টি তুলে ধরেন। এছাড়া তিনি ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও করেন।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version