বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ড্র করে হতাশ করেছিল ব্রাজিল। তবে দ্বিতীয় ম্যাচে আর কোনো ভুল করেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। মাতেউস কুনহার জোড়া গোল ও ভিনিসিয়ুস জুনিয়রের এক গোলে হাইতিকে ৩-০ ব্যবধানে হারিয়ে দুর্দান্তভাবে জয়ে ফিরেছে সেলেসাওরা।
শনিবার (২০ জুন) বাংলাদেশ সময় সকালে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। ম্যাচের ১২ মিনিটে রাফিনিয়া বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল করেন রেফারি।
২২ মিনিটে ব্যবধান গড়ার সুবর্ণ সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি রাফিনিয়া। ডান প্রান্ত থেকে পাওয়া থ্রু পাসে গোলরক্ষককে একা পেয়েও ফাঁকা জালে বল পাঠাতে ব্যর্থ হন বার্সেলোনার এই তারকা।
তবে পরের মিনিটেই এগিয়ে যায় ব্রাজিল। ভিনিসিয়ুস জুনিয়রের শট হাইতির গোলরক্ষক জন প্লাসিদ ঠেকালেও ফিরতি বলে জটলার মধ্যে থেকে জালে বল পাঠান মাতেউস কুনহা। ২৩ মিনিটে লিড পায় ব্রাজিল।
৩৬ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন কুনহা। মাঝমাঠ থেকে ভিনিসিয়ুসের দারুণ এক আক্রমণের পর ডিফেন্সচেরা পাস পেয়ে বাঁ পায়ের নিখুঁত শটে বল জালে জড়ান ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফরোয়ার্ড।
প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে স্কোরলাইন ৩-০ করেন ভিনিসিয়ুস জুনিয়র। একক প্রচেষ্টায় গোলরক্ষককে পরাস্ত করে ব্রাজিলকে বড় ব্যবধানে এগিয়ে দেন রিয়াল মাদ্রিদের এই উইঙ্গার।
দ্বিতীয়ার্ধে কয়েকটি পরিবর্তন এনে বেঞ্চের খেলোয়াড়দের সুযোগ দেন কোচ কার্লো আনচেলত্তি। এন্দ্রিক একবার বল জালে জড়ালেও অফসাইডের কারণে সেটিও বাতিল হয়। এরপর আর কোনো গোল না হলে ৩-০ ব্যবধানের স্বস্তিদায়ক জয় নিয়েই মাঠ ছাড়ে ব্রাজিল।
এই জয়ে বিশ্বকাপে প্রথম জয় তুলে নিয়ে গ্রুপ পর্বে নিজেদের অবস্থান শক্ত করল সেলেসাওরা। অন্যদিকে টানা দ্বিতীয় পরাজয়ে কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে গেল হাইতি।
