পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে আজ মঙ্গলবার (২৪ মার্চ) থেকে স্বাভাবিক কার্যক্রমে ফিরেছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও পুঁজিবাজার। ঈদের বিশেষ সময়সূচি শেষ হওয়ায় ব্যাংক লেনদেন ও পুঁজিবাজারের কার্যক্রম আগের নিয়ম অনুযায়ী শুরু হয়েছে।

ব্যাংক কর্মকর্তারা জানান, ছুটির পর প্রথম কর্মদিবসে গ্রাহকের উপস্থিতি তুলনামূলক কম। তবে লেনদেন স্বাভাবিক রয়েছে। সোনালী ব্যাংকের মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, ঈদের পর প্রথম দিনে গ্রাহক কম থাকলেও টাকা উত্তোলনের চেয়ে জমার প্রবণতা বেশি দেখা গেছে।

রমজান মাসে গ্রাহকদের সুবিধার্থে ব্যাংকের লেনদেন ও অফিস সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছিল। তখন ব্যাংকের লেনদেন চলত সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত এবং অফিস সময় ছিল বিকেল ৪টা পর্যন্ত।

এদিকে পুঁজিবাজারেও স্বাভাবিক লেনদেন শুরু হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সকাল ১০টা থেকে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত লেনদেন চলবে। এরপর ১০ মিনিটের পরবর্তী সমাপনী লেনদেন সেশন অনুষ্ঠিত হবে।

রমজান মাসে পুঁজিবাজারে লেনদেনের সময় ছিল সংক্ষিপ্ত। তখন সকাল ১০টা থেকে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত লেনদেন এবং পরবর্তী ১০ মিনিট সমাপনী সেশন পরিচালিত হয়। অফিস সময়ও কমিয়ে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল।

সংশ্লিষ্টরা বলছেন, ছুটির রেশ কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক গতি ফিরে পাবে ব্যাংক ও পুঁজিবাজার কার্যক্রম।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version