ইরানের সঙ্গে আলোচনার জন্য সোমবার পাকিস্তানে যাচ্ছে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধিদল। রোববার (১৯ এপ্রিল) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে এ তথ্য জানান। খবর আল-জাজিরার।

পোস্টে ট্রাম্প বলেন, ইরান ইস্যুতে শান্তি আলোচনা এগিয়ে নিতে এই বৈঠক অনুষ্ঠিত হবে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কারা প্রতিনিধিদলে থাকছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য তিনি প্রকাশ করেননি।

এর আগে প্রথম দফার আলোচনায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স নেতৃত্ব দিয়েছিলেন। তবে নতুন দফার বৈঠক নিয়ে হোয়াইট হাউস বা ভাইস প্রেসিডেন্টের কার্যালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

একই পোস্টে ট্রাম্প অভিযোগ করেন, শনিবার হরমুজ প্রণালিতে গুলি চালিয়ে ইরান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। তিনি ইরানকে হুঁশিয়ার করে বলেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি চুক্তি গ্রহণ না করলে দেশটির বেসামরিক অবকাঠামো ধ্বংস করে দেওয়া হবে।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version