আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে দলটির নেতাকর্মীরা মিছিল-সমাবেশ ও জমায়েতের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর পরিকল্পনা করেছিল বলে দাবি করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) সকালে পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনের পর পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়ায় আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, আওয়ামী লীগ মিছিল, সমাবেশ বা জমায়েতের মাধ্যমে সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলতে এবং আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে চেয়েছিল। তবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আগাম প্রস্তুতি নেওয়ায় তাদের সেই পরিকল্পনা ভেস্তে দেওয়া সম্ভব হয়েছে।
তিনি জানান, রাজধানীর বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাকর্মীদের জমায়েত হওয়ার পরিকল্পনার তথ্য ছিল। বাইরে থেকে ঢাকায় লোক আনার চেষ্টাও ছিল। এ কারণে গত তিন দিন ধরে ঢাকার প্রবেশমুখ, ট্রেন ও বাসস্টেশন, সীমান্তবর্তী এলাকা এবং বিভিন্ন চেকপোস্টে নিরাপত্তা জোরদার করা হয়। পাশাপাশি মোবাইল পেট্রোল ও সাদাপোশাকে টহল বাড়ানো হয়।
মোসলেহ উদ্দিন বলেন, সম্ভাব্য অবস্থানস্থল হিসেবে বিভিন্ন মেস, হোটেল ও অন্যান্য জায়গায় তল্লাশি চালানো হয়েছে। এ সময় কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে এমন তথ্য পাওয়া গেছে যে, তারা মিছিল-সমাবেশের মাধ্যমে সরকারকে বিব্রত করতে এবং আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে চেয়েছিল।
নাশকতার কোনো পরিকল্পনা ছিল কি না—এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, আওয়ামী লীগের একটি মিছিল থেকে ককটেল বা হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার ভাষ্য, এই ঘটনা থেকে ধারণা করা যায়, সুযোগ পেলে তারা নাশকতামূলক কর্মকাণ্ডে জড়াতে পারে।
তিনি আরও বলেন, পুরো পরিকল্পনা সম্পর্কে শতভাগ নিশ্চিত হওয়া না গেলেও, বিস্ফোরণের ঘটনার পর এ বিষয়ে মোটামুটি নিশ্চিত হওয়া গেছে যে দলটির নাশকতার উদ্দেশ্য থাকতে পারে।
ম্যাংগোটিভি / আরএইচ


