স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আওয়ামী লীগের রাজনৈতিক পতন হয়েছে এবং দলটি আর কখনো দেশে রাজনীতি করতে পারবে না। একই সঙ্গে তিনি জানিয়েছেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করা হবে।

শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন-২০২৬’-এ বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জুলাই আন্দোলনের প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সে সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে নির্ঘুম রাত কাটিয়ে আন্দোলনকে সংগঠিত করা হয়েছিল। তিনি দাবি করেন, পর্দার আড়ালে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে অরাজনৈতিক পরিচয়ে জুলাই আন্দোলনের পরিসমাপ্তি ঘটানো সম্ভব হয়।

সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, নতুন বাংলাদেশ গঠনে জাতির প্রত্যাশা অনেক। বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় জনগণকে ধৈর্য ধরতে হবে। সরকার পরিকল্পনা অনুযায়ী কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা বিদেশে অবস্থান করে দেশের গণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।

তিনি বলেন, “আওয়ামী লীগের রাজনৈতিক পতন হয়েছে। তারা এ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না। রাজনৈতিকভাবে তাদের দাফন হয়ে গেছে।”

এ সময় তিনি আরও বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর প্রক্রিয়া শুরু হবে।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version