দেশে হাম ও এর উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিল এবং বাকি পাঁচজন হামের উপসর্গ নিয়ে মারা গেছে।

সোমবার (১৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর-এর সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এই পরিসংখ্যান ১২ এপ্রিল সকাল ৮টা থেকে ১৩ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সময়ের।

প্রতিবেদনে বলা হয়েছে, একই সময়ে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৭২৯ শিশু এবং নতুন করে ৮২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়ে ৩০ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১৫৬ শিশু।

এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসা ১৭ হাজার ২৪ জনের মধ্যে ভর্তি হয়েছে ১০ হাজার ৯৫৪ জন। তাদের মধ্যে ২ হাজার ৭২১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮ হাজার ৩৬৯ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে মারা যাওয়া দুই শিশুই ঢাকা বিভাগ-এর। আর উপসর্গ নিয়ে মারা যাওয়া পাঁচ শিশুর চারজন ঢাকা বিভাগ ও একজন রাজশাহী বিভাগ-এর বাসিন্দা।

এ সময়ে সর্বোচ্চ ৭৬ জনের হাম শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। এছাড়া রাজশাহী বিভাগে চারজন এবং চট্টগ্রাম বিভাগ-এ দুইজনের শরীরে হাম শনাক্ত হয়েছে। অন্যান্য বিভাগে নতুন কোনো রোগী শনাক্ত হয়নি।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version