গত সপ্তাহজুড়ে দেশের শেয়ারবাজারে ইতিবাচক প্রবণতা দেখা গেছে। লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ায় প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন সাড়ে ৪ হাজার কোটি টাকার বেশি বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে বেড়েছে মূল্যসূচক ও দৈনিক গড় লেনদেনের পরিমাণ।

ডিএসই সূত্রে জানা গেছে, গত সপ্তাহে লেনদেন হওয়া মোট প্রতিষ্ঠানের মধ্যে ২৩১টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে ১৪১টির দাম কমেছে এবং ১৭টির দাম অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ, দরপতনের তুলনায় প্রায় দ্বিগুণ প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে।

এর ফলে সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯৯ হাজার ৫৫৭ কোটি টাকা, যা আগের সপ্তাহের শেষে ছিল ৬ লাখ ৯৫ হাজার ৮১ কোটি টাকা। এক সপ্তাহে বাজার মূলধন বেড়েছে ৪ হাজার ৪৭৬ কোটি টাকা বা শূন্য দশমিক ৬৪ শতাংশ।

বাজার মূলধনের পাশাপাশি মূল্যসূচকেও উত্থান দেখা গেছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স সপ্তাহজুড়ে বেড়েছে ৮০ দশমিক শূন্য ৭ পয়েন্ট বা ১ দশমিক ৫৫ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি বেড়েছিল ৫৪ দশমিক ৭০ পয়েন্ট।

ইসলামি শরিয়াহভিত্তিক কোম্পানি নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ সূচক গত সপ্তাহে বেড়েছে ৩৭ দশমিক ৬৪ পয়েন্ট বা ৩ দশমিক ৬৪ শতাংশ। আর বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক বেড়েছে ১৫ দশমিক ৩১ পয়েন্ট বা শূন্য দশমিক ৭৭ শতাংশ।

এদিকে, লেনদেনের পরিমাণেও উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহে ডিএসইতে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৬৬৮ কোটি ১৭ লাখ টাকা, যা আগের সপ্তাহে ছিল ৫৭৯ কোটি ৪২ লাখ টাকা। এতে প্রতিদিনের গড় লেনদেন বেড়েছে ৮৮ কোটি ৭৫ লাখ টাকা বা ১৫ দশমিক ৩২ শতাংশ।

সপ্তাহজুড়ে ডিএসইতে টাকার অঙ্কে সর্বাধিক লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের শেয়ারে। কোম্পানিটির শেয়ার প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ২১ কোটি ৩৯ লাখ টাকা, যা মোট লেনদেনের ৩ দশমিক ২০ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ, যার শেয়ার প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ২০ কোটি ৩৪ লাখ টাকা। তৃতীয় স্থানে থাকা ইসলামী ব্যাংকের শেয়ারে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ১৯ কোটি ৯৭ লাখ টাকা।

এছাড়া লেনদেনের শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- সিটি ব্যাংক, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, ফাইন ফুডস, স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং ক্রিস্টাল ইন্স্যুরেন্স।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version