জুলাই গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আজ অনুষ্ঠিত হবে।
বুধবার (১৫ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদাদের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ শুনানি হওয়ার কথা রয়েছে।
মামলায় গ্রেপ্তার চার আসামি-নিষিদ্ধ ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখার সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহসভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক ও ফজলে রাব্বিকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হবে।
অন্যদিকে পলাতক আসামিদের মধ্যে রয়েছেন শেখ ফজলে নূর তাপস, ডিএমপির তৎকালীন কমিশনার হাবিবুর রহমান, সাবেক অ্যাডিশনাল ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার এবং ডিএনসিসির ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম রাষ্ট্রন।
এর আগে গত ৮ এপ্রিল শুনানির দিন ধার্য থাকলেও প্রসিকিউশনের প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ না হওয়ায় তা পিছিয়ে দেওয়া হয়। আজকের শুনানিতে প্রথমে প্রসিকিউশন পক্ষ যুক্তি উপস্থাপন করবে। চলতি বছরের ১৮ জানুয়ারি প্রসিকিউশনের দেওয়া আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে আদালত ২৮ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
প্রসিকিউশনের অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলনের সময় আসামিদের উসকানি ও প্রত্যক্ষ-পরোক্ষ অংশগ্রহণে নিরীহ মানুষের ওপর গুলি চালানো হয়। এতে মাহমুদুর রহমান সৈকত, ফারহান ফাইয়াজসহ ৯ জন নিহত এবং আরও অনেকে আহত হন।
ম্যাংগোটিভি /আরএইচ


