আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঘোষিত সাধারণ ছুটির দিনগুলোতেও রাজধানীতে মেট্রোরেল চলাচল স্বাভাবিক থাকবে। পাশাপাশি ভোটের দিন যাত্রীদের সুবিধার্থে অতিরিক্ত মেট্রো ট্রেন চালানো হবে বলে জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘নির্বাচন উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি থাকলেও মেট্রো ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে। ভোটের দিন যাত্রীদের চাপ বিবেচনায় অতিরিক্ত ট্রেনও চলবে।’
ডিএমটিসিএলের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, ভোটের ছুটির দিনগুলোতে স্বাভাবিক কর্মদিবসের সময়সূচি অনুযায়ী মেট্রো ট্রেন চলাচল করবে। তবে নিরাপত্তার স্বার্থে যেসব স্টেশনের প্রবেশপথ ভোটকেন্দ্রের একেবারে কাছাকাছি, সেসব গেট সাময়িকভাবে বন্ধ রাখা হবে। অন্য গেটগুলো যাত্রীদের জন্য খোলা থাকবে।
এদিকে নির্বাচনকালীন সময় মেট্রোরেল পরিচালনা নির্বিঘ্ন রাখতে ডিএমটিসিএলের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়, আগামী ৮ ফেব্রুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ট্রেন অপারেশন, রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা ও সংশ্লিষ্ট সব গুরুত্বপূর্ণ বিভাগে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের ছুটি (বিশেষ বা জরুরি ক্ষেত্র ছাড়া) বাতিল থাকবে।
অন্যদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, ভোটের দিন ১২ ফেব্রুয়ারি ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। এ নিষেধাজ্ঞা ১১ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত কার্যকর থাকবে।
এছাড়া মোটরসাইকেল চলাচলের ক্ষেত্রে আরও কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আগামী ১০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত মোট ৭২ ঘণ্টা সারাদেশে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। তবে জরুরি প্রয়োজনে ও নির্বাচনসংশ্লিষ্ট কাজে কিছু ক্ষেত্রে শিথিলতা রাখা হয়েছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রচারণা শেষ হবে আগামী ১০ ফেব্রুয়ারি। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
ম্যাংগোটিভি /আরএইচ
