যুক্তরাষ্ট্রের আরোপ করা নতুন ১০ শতাংশ শুল্ক বাংলাদেশের জন্য প্রযোজ্য হচ্ছে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের ফলে বাংলাদেশের ওপর অতিরিক্ত কোনো শুল্কের বোঝা যুক্ত হচ্ছে না।
মঙ্গলবার (২৮ জুলাই) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে জাতীয় স্বার্থে ব্রিকসসহ বিভিন্ন বহুপাক্ষিক আন্তর্জাতিক ফোরামে অংশ নেওয়ার চেষ্টা করবে সরকার।
সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিষয়ে তিনি বলেন, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের সময় নেওয়া সিদ্ধান্ত বা কার্যক্রমের জন্য তার বিরুদ্ধে মামলা করা যায় না। তবে রাষ্ট্রপতি হওয়ার আগে বা দায়িত্ব শেষে কোনো অপরাধের অভিযোগ থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া সম্ভব।
জ্বালানি খাতের বিষয়ে ডা. জাহেদ বলেন, আগের সরকারের সিদ্ধান্তহীনতার কারণেই বর্তমান জ্বালানি সংকট সৃষ্টি হয়েছে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন কোনো শিল্পে গ্যাস সংযোগ দেওয়া হবে না। তিনি অভিযোগ করেন, অতীতে কিছু প্রভাবশালী গোষ্ঠীকে সুবিধা দিতে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়নি।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় পুলিশ ৫৬ এসকেএস রাইফেল থেকে ৭ দশমিক ৬২ মিলিমিটার গুলি ব্যবহার করেছে। এছাড়া ২০১৮ সালের জাতীয় নির্বাচন নিয়ে এখনো কোনো বিচারিক উদ্যোগ না নেওয়ায় তিনি আক্ষেপ প্রকাশ করেন। তার ভাষায়, ওই নির্বাচনের বিচার না হলে তা অবিচার হিসেবেই থেকে যাবে।
শাপলা চত্বরের ঘটনা প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা বলেন, যে-ই আইন ভঙ্গ করে থাকুক না কেন, তার বিচার নিশ্চিত করা হবে। সরকার এ ঘটনাকে কোনোভাবেই উপেক্ষা করবে না এবং আইন লঙ্ঘনের প্রতিটি অভিযোগ যথাযথভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ম্যাংগোটিভি / আরএইচ

