গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই সনদ দ্রুত কার্যকর করার দাবিতে বগুড়ায় গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগর শাখা।
শনিবার ( ১ আগস্ট) বাদ আসর নগরীর নবাববাড়ীস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। এতে বক্তব্য দেন মহানগর জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুল হালিম বেগ, সেক্রেটারি আ. স. ম. আব্দুল মালেক, সহকারী সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম, অ্যাডভোকেট আল আমিন, আব্দুল হামিদ বেগ, যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আব্দুস সালাম তুহিন এবং ইসলামী ছাত্রশিবির বগুড়া মহানগর শাখার সভাপতি শফিকুল ইসলামসহ অন্যান্য নেতারা।
সমাবেশে বক্তারা বলেন, গণভোটে জনগণ যে রায় দিয়েছে, তা বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব। তারা অভিযোগ করেন, সরকার জুলাই সনদ বাস্তবায়নে এখনো কার্যকর পদক্ষেপ নেয়নি।
বক্তারা আরও দাবি করেন, ২০২৪ সালের গণআন্দোলনের প্রেক্ষাপটে সৃষ্ট রাজনৈতিক পরিবর্তনের পর জনগণ গণভোটের মাধ্যমে যে মতামত দিয়েছে, তা উপেক্ষা করা উচিত নয়। তারা গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই সনদ কার্যকরে দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
সমাবেশ থেকে নেতারা বলেন, দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন না হলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে রাজপথে আন্দোলন গড়ে তোলা হবে। একই সঙ্গে তারা সরকারের প্রতি গণভোটের রায়ের প্রতি সম্মান জানিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
ম্যাংগোটিভি /আরএইচ
