কৃষকদের জন্য ফার্মার্স কার্ড চালু করছে সরকার। পরীক্ষামূলকভাবে প্রথম ধাপে ২২ হাজার কৃষকের হাতে এই কার্ড তুলে দেওয়া হবে। পহেলা বৈশাখে টাঙ্গাইল সদর উপজেলায় আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ফার্মার্স কার্ড সংক্রান্ত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি জানান, এটি একটি প্রি-পাইলটিং প্রকল্প হিসেবে বাস্তবায়ন করা হবে। দেশের ১১টি উপজেলায় একযোগে এই কার্ড বিতরণ করা হবে।
উপজেলাগুলো হলো-টাঙ্গাইল সদর, পঞ্চগড় সদর, বোদা, বগুড়ার শিবগঞ্জ, ঝিনাইদহের শৈলকুপা, পিরোজপুরের নেছারাবাদ, কক্সবাজারের টেকনাফ, কুমিল্লা আদর্শ সদর, জামালপুরের ইসলামপুর, রাজবাড়ীর গোয়ালন্দ এবং মৌলভীবাজারের জুড়ী।
বৈঠকে কৃষিমন্ত্রী মো. আমিনুর রশীদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কৃষকদের সহায়তা জোরদার করতে ফার্মার্স কার্ড চালুর বিষয়টি আগে থেকেই সরকারের নির্বাচনি অঙ্গীকারের অংশ ছিল।
ম্যাংগোটিভি /আরএইচ
