জাতীয় বিশ্ববিদ্যালয়-এর অধীন দেশের কলেজগুলোতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হচ্ছে।
শনিবার (২৫ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী এমসিকিউ পদ্ধতিতে এ পরীক্ষা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সারা দেশের ১৩৮টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
এবার ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন ভর্তিচ্ছু। বিপরীতে ৩১টি বিভাগে ৮৮০টি কলেজে মোট আসন রয়েছে ৪ লাখ ৫২ হাজার ৮৭৫টি। ফলে আসনসংখ্যা ও ভর্তিচ্ছুর সংখ্যা প্রায় সমান।
তবে বাস্তবে পাস করলেই ভর্তি নিশ্চিত হচ্ছে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সরকারি ও বেসরকারি কলেজে পৃথকভাবে আবেদন নেওয়ায় ভর্তির প্রতিযোগিতা অসম হয়ে পড়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ৮৮০টি কলেজের মধ্যে ৩৭৫টি সরকারি কলেজে আসন রয়েছে ২ লাখ ৭০ হাজার ৫২০টি। অন্যদিকে ৫০৫টি বেসরকারি কলেজে আসন রয়েছে ১ লাখ ৮২ হাজার ৩৫৫টি।
সরকারি কলেজগুলোতে ভর্তির চাহিদা তুলনামূলক অনেক বেশি। এসব কলেজে আবেদন করেছেন ৩ লাখ ৯৪ হাজারের বেশি শিক্ষার্থী। বিপরীতে বেসরকারি কলেজে আবেদন পড়েছে মাত্র ৫৮ হাজার ৯১৯টি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কোনো ধরনের জালিয়াতি বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে প্রতারণার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ২০২৫ সালের আগে প্রায় আট বছর ফলাফলের ভিত্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম পরিচালিত হলেও সাম্প্রতিক প্রেক্ষাপটে আবারও ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী নেওয়া হচ্ছে।
ম্যাংগোটিভি /আরএইচ


