মোজতবা খামেনির অবস্থান ও পরিস্থিতি নিয়ে রহস্য ঘনীভূত হয়েছে। তাকে খুঁজতে তৎপর রয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এবং ইসরায়েলের মোসাদ।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর গত ৯ মার্চ মোজতবা খামেনিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়। তবে ওই ঘটনার পর থেকে তাকে এখনো জনসমক্ষে দেখা যায়নি।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস-এর এক প্রতিবেদনে বলা হয়, মোজতবা জীবিত আছেন-এমন কিছু প্রমাণ গোয়েন্দাদের হাতে থাকলেও তিনি বাস্তবে দায়িত্ব পালন করছেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

একজন ইসরায়েলি কর্মকর্তা জানান, মোজতবা সরাসরি কোনো নির্দেশ দিচ্ছেন-এমন প্রমাণ তাদের কাছে নেই। অন্যদিকে এক মার্কিন কর্মকর্তা বলেন, বিষয়টি ‘অস্বাভাবিকের চেয়েও বেশি’, কারণ তাকে নেতা ঘোষণা করা হলেও তার সক্রিয় ভূমিকার প্রমাণ পাওয়া যাচ্ছে না।

ফার্সি নববর্ষ নওরোজ উপলক্ষে তার কোনো প্রকাশ্য ভাষণ না আসায় জল্পনা আরও বেড়েছে। কেবল একটি লিখিত বার্তা ও কিছু ছবি প্রকাশ করা হলেও সেগুলো সাম্প্রতিক কিনা তা যাচাই করছে সিআইএ।

বিশ্লেষকদের মতে, নিরাপত্তাজনিত ঝুঁকি বা সম্ভাব্য আঘাতের কারণে মোজতবার জনসমক্ষে অনুপস্থিতি হতে পারে। তবে তিনি সম্পূর্ণ নিষ্ক্রিয়—এমন কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version