পবিত্র ঈদুল ফিতরের পরও রাজধানী ছাড়ছেন অনেক মানুষ। ঈদের তৃতীয় দিন সোমবার (২৩ মার্চ) কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো যাত্রীদের উল্লেখযোগ্য ভিড় দেখা গেছে। সকালে স্টেশন ঘুরে দেখা যায়, প্ল্যাটফর্মজুড়ে যাত্রীদের উপস্থিতি। অনেকেই পরিবার-পরিজন নিয়ে নির্ধারিত সময়ের আগেই এসে ট্রেনের অপেক্ষা করছেন।
ঈদের আগে টিকিট সংকট, অতিরিক্ত ভিড় ও সড়কপথে যানজটের আশঙ্কায় অনেকেই ঢাকা ছাড়তে পারেননি। ফলে ঈদের পর তারা পরিবার-পরিজনের সঙ্গে দেখা করতে কিংবা ভ্রমণে বের হচ্ছেন। নির্বিঘ্ন যাত্রার জন্য অনেকে রেলপথকেই বেছে নিয়েছেন।
এদিন রাজশাহী, খুলনা, জামালপুর ও নীলফামারীসহ বিভিন্ন রুটের ট্রেনে যাত্রীদের চাপ ছিল চোখে পড়ার মতো। তবে কয়েকটি ট্রেন নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে আসায় যাত্রীদের অপেক্ষাও বেড়েছে।
যাত্রীরা জানান, ঈদের আগের তুলনায় এখন ভোগান্তি কিছুটা কম থাকায় তারা এই সময় ভ্রমণকে বেশি স্বস্তিদায়ক মনে করছেন।
এদিকে ঈদের ছুটি উপলক্ষে অনেকেই পরিবার নিয়ে দেশের বিভিন্ন পর্যটন গন্তব্যে ভ্রমণে বের হচ্ছেন। ফলে পর্যটন সংশ্লিষ্ট ট্রেনগুলোতেও যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে।
সবমিলিয়ে ঈদের তৃতীয় দিনেও কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। কেউ যাচ্ছেন গ্রামের বাড়িতে, আবার কেউ ছুটির সুযোগে পরিবার নিয়ে ভ্রমণে বের হচ্ছেন।
ম্যাংগোটিভি /আরএইচ


